আয়ারল্যান্ড ইউরোপে নতুন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে, যা অনেকটা এশিয়া কাপে অংশগ্রহণের মতো হবে। প্রস্তাবিত এই আসরের নাম হতে পারে ‘ইউরো ন্যাশনস কাপ’, যা ২০২৭ সালের গ্রীষ্মে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী সংস্থার চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস।
প্রস্তাবিত টুর্নামেন্টে ইউরোপের কয়েকটি শীর্ষ এবং উদীয়মান দল অংশ নিতে পারে। সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি।
শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্যও একই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ম্যাচগুলো সম্ভবত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
শুক্রবার আয়ারল্যান্ডের ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি ঘোষণা করতে গিয়ে ম্যাকনিস জানান, এই টুর্নামেন্ট নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে আসা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি।
ম্যাকনিস বলেন, ‘আমি বিশ্বাস করি, এটি বাস্তবায়ন সম্ভব। আলোচনাগুলো এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। ২০২৭ সালের গ্রীষ্মে আমরা এই টুর্নামেন্ট শুরু করতে পারি। ’
যদিও টুর্নামেন্টের সুনির্দিষ্ট ফরম্যাট, অংশগ্রহণকারী দল ও অন্যান্য বিস্তারিত আগামী কয়েক মাসে জানা যাবে।
আয়োজকরা আশা করছেন, সম্প্রচার সংস্থাগুলোও এতে আগ্রহ দেখাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরো ন্যাশনস কাপ বাস্তবায়িত হলে ইউরোপে ক্রিকেটের প্রসারে এটি বড় ভূমিকা রাখবে। বিশেষ করে ছোট দলগুলোর জন্য এটি হবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ।
একই দিনে ক্রিকেট আয়ারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত ও নেপালের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতার কথাও ঘোষণা করেছে। চুক্তির আওতায় আয়ারল্যান্ডের পুরুষ দল নিয়মিতভাবে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে।
এছাড়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রতিটি ফ্র্যাঞ্চাইজ ২০২৬-২৭ মৌসুম থেকে অন্তত একজন আয়ারল্যান্ডের ক্রিকেটার দলে নেবে বলে পরিকল্পনা রয়েছে।
Akash
এখনো কোনো কমেন্ট নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!